গ্রেপ্তাররা হলেন মাদারীপুরের কালকিনি থানার আলীপুর গ্রামের উজ্জল সরদার (৩২), মাদারীপুর সদর মডেল থানার কুলপদ্দি গ্রামের জুয়েল সিকদার (৩৮) এবং কালকিনি থানার খাসেরহাট গ্রামের তামিম হাওলাদার (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে সাভার মডেল থানার হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন সাভার মডেল থানায় মামলা করা হয়।
মামলার তদন্তে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর) তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন কৌশল ব্যবহার করে আসামিদের শনাক্তের চেষ্টা শুরু করে। এর ধারাবাহিকতায় গত ৬ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে মাদারীপুরের রাজৈর থানার টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মনির হোসেন, এএসআই মো. আব্দুস সালামসহ একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআরবি-নবীনগর ও এসআরবি-মাদারীপুরের সদস্যরা সহযোগিতা করেন।
পুলিশের দাবি, গ্রেপ্তারদের কাছ থেকে একটি নীল রঙের TVS Apache মোটরসাইকেল, আটটি মোবাইল ফোন, নগদ ১৩ হাজার ১৬৭ টাকা, তিনটি মানিব্যাগ, দুটি হাতঘড়ি, ছয়টি চাবিসহ চাবির রিং, একটি পুলিশের নীল রঙের টি-শার্ট, একটি লোহার হাসুয়া ও দুটি লোহার ছুরি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তাররা বিভিন্ন বাহিনীর সদস্য পরিচয়ে প্রাইভেটকার, হাইএস ও নোয়াহ গাড়ি ব্যবহার করে ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই করত।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার উজ্জল সরদারের বিরুদ্ধে শরীয়তপুরের গোসাইরহাট থানায় চুরি ও চুরির চেষ্টার একটি মামলা রয়েছে। অপরদিকে তামিম হাওলাদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।
গ্রেপ্তার তিনজনকে সাভার মডেল থানার ১১ সেপ্টেম্বর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।