ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের বগাবাড়ী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শাহিন আলম (২৩) ও মো. বাবুল (৩২)। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা ১৩৭ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে এসআরবি-৪।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বগাবাড়ী বাজার এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে এসআরবি-৪, সিপিসি-২-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় শাহিন আলম ও বাবুলকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ১৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মাদকদ্রব্যগুলো দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে আশুলিয়া, সাভার, ধামরাই ও আশপাশের এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করতেন বলে জানিয়েছে সংস্থাটি।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসআরবি-৪।