সিরাজগঞ্জের কাজিপুরে উন্নত পুষ্টি ও উচ্চ ফলনশীল জাতের সম্প্রসারণের লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চালিতাডাঙ্গায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়। ‘মাল্টি-সেক্টোরাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন’-এর সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার প্রায় ১০০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. আনোয়ার সাদাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. জাকিরুল হাসান।
মাঠ দিবসে উপস্থিত কৃষকদের মাঝে জিংক বায়োফর্টিফাইড সমৃদ্ধ ‘বিনাধান-২০’ এর গুণগত মান, উৎপাদন পুষ্টিগুণ এবং এর আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বক্তারা বলেন, মানবদেহে জিংকের ঘাটতি পূরণে এবং কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান করতে বিনাধান-২০ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। উন্নত এই জাতের ধান চাষ বাড়াতে কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।