শেড় পাবনা ফাউন্ডেশনের উদ্যোগে ‘উন্নয়নের ১৬ (ষোল) দফা রূপকল্পের মধ্যে ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস উদ্বোধন ও সমসাময়িক বিষয়’ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৫ নভেম্বর, দুপুর ১২:০০ টায় অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী সেমিনার কক্ষে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শেখড় ফাউন্ডেশন পাবনার সভাপতি খান হাবিব মোস্তফা। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি ড. মুস্তাফিজুর রহমান খাঁন, মোঃ তাজুল ইসলাম, মোঃ তারেক আজিজ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ট্রেন চালুর প্রেক্ষাপট তুলে ধরেন এবং এলাকার উন্নয়নে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা পেশ করেন।
সংবাদ সম্মেলনের মূল আলোচ্য বিষয় ও দাবিগুলো:
প্রেসক্লাব সংক্রান্ত: প্রেসকাবে কনফারেন্স করতে না পারায় তীব্র দুঃখ প্রকাশ ও নিন্দা জ্ঞাপন করা হয় এবং প্রেসক্লাবকে সকলের জন্য উন্মুক্ত রাখার জোর দাবি জানানো হয়।
প্রকল্পে ধন্যবাদ জ্ঞাপন: ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন চালুর প্রেক্ষাপট সবিস্তারে বর্ণনা করার পাশাপাশি এই প্রকল্পে অবদান রাখায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।
শেকড় পাবনা ফাউন্ডেশনের ৪ দফা প্রস্তাবনা:
সংবাদ সম্মেলনে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে ৪টি সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরা হয়:
১. অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিতকরণ:
উদ্বোধনী অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।
রেল ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে রেললাইনের দুই ধারে বসবাসরত বাসিন্দাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণক্যাম্পেইন পরিচালনা করতে হবে।
অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে সেগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অপরাধ সংঘটিত হলে দ্রুত তার বিচার নিশ্চিত করতে হবে।
২. পাবনা রেললাইনের আধুনিকায়ন:
পাবনা রেলওয়ে স্টেশনে সুযোগ-সুবিধা বৃদ্ধি সহ আধুনিকায়ন ও মানোন্নয়ন করে একে ‘এ’ গ্রেডের স্টেশনে রূপান্তর করতে হবে।
৩. নতুন রেললাইন নির্মাণ:
কাশীনাথপুর থেকে উল্লাপাড়া পর্যন্ত কম-বেশি ৪১ (একচল্লিশ) কিলোমিটার নতুন রেললাইন নির্মাণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর মাধ্যমে ঈশ্বরদী থেকে পাবনার উপর দিয়ে যমুনা সেতু হয়ে খুব দ্রুততম সময়ে ঢাকায় পৌঁছানো সম্ভব হবে।
৪. রেল নেটওয়ার্ক সম্প্রসারণ:
পাবনা জেলাকে বৃহত্তর রেল নেটওয়ার্কের আওতায় আনতে আমিনপুর থানার ঢালার চর থেকে পাবনা শহর এবং ঈশ্বরদী হয়ে খুলনা রুটে নতুন রেল চালু করতে হবে।