ঢাকার আশুলিয়ার জামগড়া বটতলা থেকে নেক্সট কালেকশন এলাকার সড়কটি দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এবং তীব্র জলাবদ্ধতায় সম্পূর্ণ বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশে হাঁটুপানি জমে কাদা ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, স্কুলশিক্ষার্থী ও শিল্পাঞ্চলের হাজার হাজার পোশাক শ্রমিকদের।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির পানি নিষ্কাশনের কোনো কার্যকর অবকাঠামো না থাকায় বৃষ্টির পানি দীর্ঘসময় জমে থাকে। ফলে সড়কটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।
বিশেষ করে সকাল ও বিকেলে স্কুলগামী শিক্ষার্থী এবং তৈরি পোশাক কারখানার শ্রমিকদের যাতায়াতে পোহাতে হয় চরম ভোগান্তি। জলাবদ্ধ সড়কে যানবাহন চলাচলের সময় ছিটকে পড়া নোংরা ও দুর্গন্ধযুক্ত পানিতে জামাকাপড় নষ্ট হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এছাড়া প্রতিদিন নোংরা ও পচা পানি পেরিয়ে যাতায়াত করায় এলাকার বহু শ্রমজীবী মানুষ চর্মরোগ ও খোস-পাঁচড়াসহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন।
এই দীর্ঘদিনের নরকযন্ত্রণা ও সড়কটির জরাজীর্ণ অবস্থা থেকে স্থায়ী মুক্তি পেতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করা হয়েছে। ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) আশুলিয়া থানার আহ্বায়ক হাজী মোহাম্মদ মন্জুরুল ইসলাম মন্ডলের নেতৃত্বে ভুক্তভোগী এলাকাবাসী ও স্থানীয় প্রতিনিধিরা এই স্মারকলিপি জমা দেন।
বক্তব্যে এনসিপি আশুলিয়া থানার আহ্বায়ক হাজী মোহাম্মদ মন্জুরুল ইসলাম মন্ডল বলেন, “নেক্সট কালেকশন থেকে বটতলাগামী রাস্তাটিতে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা নেই। ফলে সামান্য বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এতে করে আমাদের এলাকার মেহনতি গার্মেন্টস শ্রমিকরা প্রতিদিন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এবং নোংরা পানির কারণে চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। সাধারণ মানুষের এই কষ্টের প্রতিকার চেয়ে আমরা সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করে আবেদন জানিয়েছি।”
স্মারকলিপি প্রদানের পর উপজেলা প্রশাসনের নির্দেশে ইতোমধ্যে একজন সরকারি প্রকৌশলী সরেজমিনে এসে সড়ক ও জলাবদ্ধতার বর্তমান পরিস্থিতি পরিদর্শন করেছেন।
সরকারি পরিদর্শনের পর এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করছেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে টেকসই ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করে জনগণের চলাচলের উপযোগী করে তুলবে।