ঢাকার সাভারের আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের নেতা, মো. জাহিদুল ইসলাম জাহিদকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঘোষবাগ এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শেখুড় চন্দ্র মল্লিক জানতে পারেন, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ ঘোষবাগ এলাকায় তার নিজ বাসভবনে অবস্থান করছেন।
পরে তিনি পুলিশের একটি দল নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন।
পুলিশের দাবি, পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহিদুল ইসলাম জাহিদ পালানোর চেষ্টা করেন, এবং এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশের আরও কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না এবং তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, তা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।