পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মিছিলটি সাভার পৌর ছাত্রলীগের সভাপতি হিসেবে পরিচিত পলাতক নেতা মাসুম দেওয়ানের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বলে অভিযোগ রয়েছে। মিছিল থেকে পুলিশ আটজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুড়িগ্রামের উলিপুরের ফিরোজ মিয়া (২৪), নড়াইলের লোহাগড়ার রিয়াদ (১৮), পটুয়াখালীর মির্জাগঞ্জের সোয়াদ (১৮), কিশোরগঞ্জের তাড়াইলের মাসুম (১৮), গাইবান্ধার জিন্নাত (১৯), ঠাকুরগাঁও সদরের ইসমাইল হোসেন (২০), শরীয়তপুরের নড়িয়ার তামিম সিকদার (১৮) এবং সাভারের বাসিন্দা সাকিন ইসলাম (১৮)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং অন্যরা স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। তাদের মধ্যে কয়েকজন মিছিলের জন্য লোকজন জড়ো করার সঙ্গে জড়িত ছিলেন বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।