রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানাধীন আউকপাড়া আদর্শগ্রামের একটি অটোগ্যারেজ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশুলিয়ার আউকপাড়া এলাকার সৈয়দ আলভী (৩০), উত্তর আউকপাড়া এলাকার মো. মামুন (৩৪) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা এলাকার জহিরুল (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই অটোগ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে আটক করে তাঁদের হেফাজত থেকে লোহার তৈরি কাঠের বাটযুক্ত একটি পিস্তল ও এক রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে ইংরেজিতে ‘TTA’ ও ‘ALY’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সৈয়দ আলভীর বিরুদ্ধে আগে একটি অস্ত্র মামলা রয়েছে। মো. মামুনের বিরুদ্ধে মাদক আইনে দুটি ও অন্যান্য ধারায় তিনটিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। অন্যদিকে জহিরুলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি ও চুরির দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।