পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সাভার ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার থানাধীন বক্তারপুর বেদেপাড়া এলাকা থেকে রোকেয়া (৫০) নামে এক নারীকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার ওজন ৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।
এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধামরাই থানাধীন কায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে মনোরঞ্জন রাজবংশী (৫০) নামে এক ব্যক্তিকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, মনোরঞ্জন রাজবংশীর বিরুদ্ধে আগে একটি মাদক মামলা রয়েছে।
অপর একটি অভিযানে রাত ৯টা ৫০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন আমিনবাজারের সালেহপুর এলাকা থেকে মীর তৌসিফ আহমেদ (২৬) ও শেখ তানভীর (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।