ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। গ্রেপ্তারদের মধ্যে সাগর মুন্সি নামে একজনের বিরুদ্ধে ১২টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ৩১ আগস্ট রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই আরিফুল ইসলামসহ ডিবির একাধিক দল অভিযানে অংশ নেয়।
রাত ৮টা ২০ মিনিটে ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে আহম্মদ আলী (৪০) নামে একজনকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। একই রাতে রাত ৯টার দিকে বড়টেক মধুপুর এলাকা থেকে সাগর মুন্সি (৩৫) নামে আরেকজনকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
রাত ৯টা ৪০ মিনিটে শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মিলন মোল্লা (৩০) নামে একজনকে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
পরে রাত সাড়ে ১০টার দিকে কাইচাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে রাশিদা আক্তার রাশু (২৫), শ্যামল রাজবংশী (৩২), জাফর শেখ (৪৫) ও সাইফুল ইসলাম (৪৫) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ও ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা এবং গাঁজার মূল্য প্রায় ১ লাখ ৪৭ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৭৭ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সাগর মুন্সির বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।