সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই ঘাটে ভোররাতের এক সফল অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ইলিশ মাছ জব্দ করা হয়েছে। গতকাল ২৬ অক্টোবর ২০২৬ ইং তারিখ ভোরবেলায় কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মো: শরিফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘাই ঘাট এলাকায় ইলিশ ধরা ও পরিবহন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে যমুনা নদীর তীরবর্তী মেঘাই ঘাটে অবস্থান নেয় মৎস্য কর্মকর্তার একটি বিশেষ দল। এ সময় সন্দেহভাজন কয়েকটি নৌকায় তল্লাশি (সার্চ) চালিয়ে বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ করা হয়। তবে অভিযানের টের পেয়ে জড়িত জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে জব্দকৃত এই ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। ভোরেই এতিম শিশুদের পাতে পুষ্টিকর ইলিশ তুলে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযান সম্পর্কে উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মো: শরিফুল ইসলাম বলেন, “মা ইলিশ ও জাটকা রক্ষায় আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। জব্দকৃত মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে যাতে অবহেলিত শিশুরা এর সুফল পায়।”
স্থানীয় সচেতন মহল মৎস্য বিভাগের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।