পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খন্দকার মেহেদী হাসান (২৪), মোসা. সাবিনা ইসলাম (২০) ও মো. শামীম মিয়া (১৬)। বুধবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানাধীন এনায়েতপুর এলাকায় জনৈক মামুন হোসেন সজিবের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে সাভার থেকে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় ঘুরতে আসেন মো. পারভেজ বিশ্বাস (৩৪)। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির উদ্দেশে রওনা হলে পল্লী বিদ্যুৎ ওভারব্রিজের নিচে এক নারী তাঁর কাছে লিফট চান। ওই নারীকে মোটরসাইকেলে তুলে নিয়ে পল্লী বিদ্যুৎ এলাকার আল নূর মসজিদের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৫-৬ জন ব্যক্তি তাঁর পথরোধ করেন।
অভিযোগে বলা হয়, ওই ব্যক্তিরা পারভেজকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করেন। পরে তাঁকে জোরপূর্বক অপহরণ করে একটি বাঁশবাগানে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর পরিবারের সদস্যদের ফোন করে মুক্তিপণ চাওয়া হয়।
একপর্যায়ে পরিবারের সদস্যরা পারভেজের মোবাইল নম্বরে থাকা নগদ অ্যাকাউন্টে ২০ হাজার টাকা পাঠান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এর আগে ওই অ্যাকাউন্টে থাকা ৪ হাজার ৩০০ টাকাসহ মোট ২৪ হাজার ৩০০ টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি ব্লুটুথ হেডফোন নিয়ে তাঁকে রাস্তায় ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানায় মামলা নম্বর ৯৯, তারিখ ২১ অক্টোবর ২০২৬, দণ্ডবিধির ৩৬৫/৩২৩/৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।
পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় আশুলিয়া থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার, ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া মুক্তিপণের অর্থ এবং মোবাইল ফোন উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।