ঢাকার সাভারে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) বিশেষ অভিযানে অভ্যাসগত চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) ভোর ৪টার দিকে সাভার মডেল থানাধীন আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের লোকাল লেনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মেহেদী হাসান মুন্না (২৮), মো. সোহেল (৩২) ও মো. মুছা হাওলাদার (৩৮)। তাদের স্থায়ী ঠিকানা যথাক্রমে নড়াইল, ভোলা ও ঝালকাঠি জেলায়। তারা ঢাকার দারুস সালাম এলাকার বিভিন্ন স্থানে বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মো. মতিউর রহমানসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চোরাই মালামাল কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার এবং তিনটি তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় দণ্ডবিধির ৪১৩ ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।